বরগুনায় অটোরিকশার চাপায় প্রাণ গেল তিন বছরের শ্রেষ্ঠার

হোম » বরগুনা » বরগুনায় অটোরিকশার চাপায় প্রাণ গেল তিন বছরের শ্রেষ্ঠার
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার বামনা উপজেলায় অটোরিকশার চাপায় শ্রেষ্ঠা রায় (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রেষ্ঠা ওই এলাকার দিলীপ রায়ের মেয়ে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে খেলাধুলার সময় একটি তিন চাকার অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনার পর অটোরিকশার চালক গাড়িসহ পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খান বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

তিনি আরও বলেন, নিহত শিশুর বাবা আজ সোমবার থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। পলাতক চালক ও দুর্ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটি শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১২:১৩:২৯ ● ২৭ বার পঠিত




আর্কাইভ