গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ, আহত ২

হোম » গণমাধ্যম » গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ, আহত ২
রবিবার ● ২ আগস্ট ২০২৬


 

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ, আহত ২

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে এক মোটর মেকানিকের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর গৌরনদী প্রতিনিধি এস. এম. জুলফিকার হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকসহ দুইজন আহত হয়েছেন।

 

শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহত সাংবাদিক এস. এম. জুলফিকার অভিযোগ করেন, তার ভাগ্নে মুরাদ মেহেদীর গ্যারেজের কর্মচারী মোটর মেকানিক রিপন কাজী একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন ভাগ্নেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে তার ওপর অতর্কিত হামলা চালায়।

 

তিনি অভিযোগ করেন, হামলায় এলাকার মাসুম হাওলাদার, ইয়াসিন হাওলাদার, রাসেল হাওলাদার, সবুজ হাওলাদার, রিয়াজ উকিলসহ কয়েকজন অংশ নেন।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন গৌরনদী পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার। তিনি বলেন, ‘এ হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে।’ অন্য অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে সাংবাদিক এস. এম. জুলফিকারের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:২৫:৪৬ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ