
সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)
ভোলা-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও বানোয়াট অপপ্রচার’ চালানোর অভিযোগ এনে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। রবিবার (২ আগস্ট) দুপুরে বোরহানউদ্দিন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান বলেন, গত ২৮ জুলাই দৌলতখান পৌরসভায় এক বক্তব্যে হাফিজ ইব্রাহিম পৌরসভায় চলাচলকারী যানবাহন থেকে পৌরনীতি অনুযায়ী টোল আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহযোগিতা কামনা করেছিলেন। কিন্তু একটি মহল তাঁর বক্তব্যের অংশবিশেষ কাটছাঁট করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে প্রচার করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে অংশ নেওয়া জামায়াত-সমর্থিত একটি পক্ষ নির্বাচনে পরাজয়ের পর সাইবার মাধ্যমে অপপ্রচার চালিয়ে ভোলা-২ আসনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এ ধরনের ভুয়া আইডি শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
উপজেলা যুবদলের সদস্যসচিব জসিম খান বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে এবং ভোলা-২ আসনের জনগণকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে একটি মহল জনপ্রিয় এ সংসদ সদস্যের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। তিনি নেতাকর্মীদের এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, পক্ষিয়া বিএনপি নেতা জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের সম্পাদক হাসিবুর রহমান ফাহিমসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।