বন্ধুর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি

হোম » ভোলা » বন্ধুর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


 

বন্ধুর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগে ভোলার লালমোহন উপজেলার ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন (গজারিয়া) ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে ভোলা জেলা ছাত্রদল।

 

গত শুক্রবার (৩১ জুলাই) জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

এর আগে লালমোহনে শরীফ বেপারীর বিরুদ্ধে তার এক বন্ধু স্থানীয় এক ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

 

অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, ২০২৩ সালে বিয়ের পর থেকেই শরীফ বেপারীর সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয়। প্রতিবাদ করলে শরীফ বেপারী তাকে ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।

 

লালমোহন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজিম উদ্দিন বাবু বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে শরীফ বেপারীকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তবে অভিযোগ অস্বীকার করে শরীফ বেপারী বলেন, ‘অভিযোগটি কোনোভাবেই সত্য নয়। একটি প্রতিপক্ষ গ্রুপ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

 

সাংগঠনিক সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘কোন ধরনের শৃঙ্খলাভঙ্গের কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তা জেলা কমিটির কাছে জানতে চেয়েছি। তারা এখনো আমাকে কিছু জানায়নি।’

 

উল্লেখ্য, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে। অভিযোগের সত্যতা সম্পর্কে আদালতের কোনো রায় বা আইনগত নিষ্পত্তির তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ৭:১১:৩৫ ● ৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ