কলাপাড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬


 

কলাপাড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় প্রকাশ্যে শত শত মানুষের সামনে বৃদ্ধ হারিচ আহমেদকে (৭০) চাষের জমির কাদায় হাঁটুসমান পুঁতে হাত-পা বেঁধে মারধর করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করেন, গত ১৯ জুলাই বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক চাষাবাদে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় খলিল মিয়া, ছলেমান, রবিউল ইসলাম, মিজানুর ও ফেরদৌসের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল হারিচ আহমেদের হাত-পা বেঁধে মারধর করে মাটিতে পুঁতে রাখে। তাকে বাঁচাতে পরিবারের নারী সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বলে অভিযোগ করা হয়।

 

প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় চৌকিদারসহ অন্য এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। গুরুতর আহত হারিচ আহমেদকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেও তার জ্ঞান না ফেরায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল ২১ জুলাই মহিপুর থানায় খলিল মিয়াকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করেন। তবে মানববন্ধনে অংশ নেওয়া নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর থেকে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:০৫ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ