
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স মনোয়ারা মৎস্য আড়তে নিলামে বিক্রি হয়।
এফবি জারিফ-তারিফ নামের একটি ফিশিং ট্রলারের জেলে দেলোয়ার মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনা হলে স্থানীয় ব্যবসায়ী ফারুক হোসেন নিলামের মাধ্যমে কিনে নেন।
মেসার্স মনোয়ারা মৎস্য আড়তের ম্যানেজার সগির আকন বলেন, ‘আজকের নিলামে বড় ইলিশটির চাহিদা ছিল বেশ ভালো। প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে। এতে ২ কেজি ১০০ গ্রাম ওজনের মাছটির দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৮২৫ টাকা।’
জেলে দেলোয়ার মাঝি বলেন, ‘৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে গিয়ে জালে এই বড় ইলিশটি ধরা পড়ে। তবে গত বছরের তুলনায় এ বছর বড় ইলিশের সংখ্যা কম। তারপরও এমন একটি মাছ পেয়ে আমরা খুবই আনন্দিত।’
একই ট্রলারের জেলে সোলায়মান বলেন, ‘আজ ট্রলারে বড় মাছ বলতে এই একটি ইলিশই পেয়েছি। সাগরে বড় ইলিশ এখন খুব একটা মিলছে না। তবে মাছটি বড় হওয়ায় ভালো দাম পেয়েছি। বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে। আশা করছি, সামনের দিনগুলোতে আরও বেশি ইলিশ ধরা পড়বে।’