‘অফিসকক্ষে শিক্ষককে নির্যাতন’, বিচারের দাবিতে মানববন্ধন

হোম » পটুয়াখালী » ‘অফিসকক্ষে শিক্ষককে নির্যাতন’, বিচারের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


 

‘অফিসকক্ষে শিক্ষককে নির্যাতন’, বিচারের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দশমিনা উপজেলার ঠাকুরের হাট বিবি আয়েশা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগের প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এ সময় বক্তব্য দেন এলাকাবাসী মো. রিপন মৃধা, মো. মনিরুজ্জামান শাহিন, মো. শহিদুল ইসলাম ও বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুজ্জামান মৃধাসহ স্থানীয়রা।

 

মানববন্ধনে আহত শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘বিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই আমি এখানে কর্মরত। আমি বিভিন্ন রোগে আক্রান্ত। এরপরও আমার ওপর যে নির্যাতন করা হয়েছে, তার সুষ্ঠু বিচার চাই।’

 

এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধা বলেন, ‘ঘটনাটি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ফৌজদারি বিষয়টি তদন্তের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৫৫ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ