মোদিকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হতে পারে-হাসনাত আবদুল্লাহ

হোম » খুলনা » মোদিকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হতে পারে-হাসনাত আবদুল্লাহ
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


মোদিকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হতে পারে: হাসনাত আবদুল্লাহ

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় পথসভা ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার রাত ৯টায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর মোংলায় শেখ হাসিনার আমলের মতো গুমের পুনরাবৃত্তি ঘটেছে। এটিকে তিনি একটি কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও যে দলের সবচেয়ে বেশি নেতা-কর্মী নির্যাতিত হয়েছেন, আজ সেই দলই গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে বর্তমানে ‘হাসিনা কাঠামো’ অত্যন্ত যত্নে টিকিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দেখেছি, শেখ হাসিনা যে দেশে যান, সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। পরিস্থিতি এমন হয়েছে যে, তিনি বাংলাদেশে ফিরলে শুধু নিজে নয়, মনে হয় নরেন্দ্র মোদিকেও সঙ্গে নিয়ে আসতে হতে পারে। ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, মোদিকেও পালাতে হতে পারে।’

পথসভা ও পদযাত্রা শেষে মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহকে পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:৪১:০৬ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ