যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে

হোম » বিশ্ব » যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে
বুধবার ● ৮ জুলাই ২০২৬


যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে

 

সাগরকন্যা ডেস্ক

 

মধ্যপ্রাচ্যে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। একই সঙ্গে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে এমন প্রত্যাশাও সোনার বাজারে চাপ তৈরি করেছে।

 

বুধবার (৮ জুলাই) এশিয়ার লেনদেনে স্পট গোল্ডের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১০০ দশমিক ৩২ ডলারে নেমে আসে, যা ২ জুলাইয়ের পর সর্বনিম্ন। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১১২ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়।

 

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে বিমান হামলা চালানোর পাশাপাশি দেশটির তেল বিক্রির একটি লাইসেন্স বাতিল করে। একই সময়ে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে ওঠে। এর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে যায় এবং মার্কিন ডলার সপ্তাহের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি পৌঁছে।

 

বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির ঝুঁকিও বাড়ে। ফলে ফেড সুদের হার কমানোর পরিবর্তে আরও বাড়াতে বা দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে ধরে রাখতে পারে। আর উচ্চ সুদের হার সুদবিহীন সম্পদ হিসেবে সোনার বিনিয়োগকে তুলনামূলক কম আকর্ষণীয় করে তোলে।

 

এদিকে বুধবার (৮ জুলাই) প্রকাশিত হওয়ার কথা রয়েছে ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) ১৬-১৭ জুনের বৈঠকের কার্যবিবরণী। নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শের নেতৃত্বে ভবিষ্যৎ মুদ্রানীতির দিকনির্দেশনা জানতে বিনিয়োগকারীদের নজর এখন সেদিকেই।

 

নিউইয়র্ক ফেডের এক জরিপে দেখা গেছে, জুন মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের স্বল্পমেয়াদি মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। অন্যদিকে চীনের কেন্দ্রীয় ব্যাংক জুন মাসে আড়াই বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে স্বর্ণের রিজার্ভ বাড়িয়েছে। পাশাপাশি বেইজিং ও হংকং কর্তৃপক্ষ স্বর্ণ, মুদ্রা ও বন্ড লেনদেন সম্প্রসারণে একাধিক উদ্যোগ ঘোষণা করেছে। হংকং ইতোমধ্যে স্বর্ণের কেন্দ্রীয় ক্লিয়ারিং ব্যবস্থা চালু করেছে এবং ডলারভিত্তিক গোল্ড ফিউচার্স পুনরায় চালু করেছে। ভবিষ্যতে ইউয়ানভিত্তিক গোল্ড ফিউচার্স চালুর পরিকল্পনাও রয়েছে।

 

এদিকে সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা একদিনের ব্যবধানে প্রায় ৫৭ শতাংশ থেকে বেড়ে ৬৭ শতাংশের বেশি হয়েছে।

 

বাজার বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ায়। তবে বর্তমানে উচ্চ সুদের হার, শক্তিশালী ডলার এবং তেলের দাম বৃদ্ধিজনিত মূল্যস্ফীতির আশঙ্কাই সোনার বাজারে বেশি প্রভাব ফেলছে।

বাংলাদেশ সময়: ৯:০৩:০১ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ