কলাপাড়ায় পলিথিনে মোড়ানো ঘরের হাবিব-হালিমার পাশে ‘পাশে দাঁড়াই’

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় পলিথিনে মোড়ানো ঘরের হাবিব-হালিমার পাশে ‘পাশে দাঁড়াই’
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬


 

কলাপাড়ায় পলিথিনে মোড়ানো ঘরের হাবিব-হালিমার পাশে ‘পাশে দাঁড়াই’

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’ সলিমপুর এলাকার অসচ্ছল দিনমজুর হাবিব ও হালিমা দম্পতির জরাজীর্ণ পলিথিনে মোড়ানো বসতঘর নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছে।

 

জানা গেছে, দীর্ঘদিন ধরে মানবেতর পরিবেশে বসবাস করছেন হাবিব-হালিমা দম্পতি। ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও একটি পলিথিনে মোড়ানো অনিরাপদ ঘরেই তাদের বসবাস। আর্থিক অসচ্ছলতার কারণে নিরাপদ বাসস্থান নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব হয়নি। বিষয়টি জানতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’।

 

সংগঠনের সদস্য, উপদেষ্টা পরিষদ ও দাতা সদস্যদের অনেকেই ইতোমধ্যে এ উদ্যোগে আর্থিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদেরও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘পাশে দাঁড়াই’ গণমানুষের অর্থায়নে পরিচালিত একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দুঃস্থ, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। মানবতার সেবাই সংগঠনটির প্রধান লক্ষ্য।

 

সংগঠনটি একটি অসহায় পরিবারের মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছে।

 

মানবিক এ উদ্যোগে অংশ নিতে যোগাযোগ করা যাবে ‘পাশে দাঁড়াই’-এর সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন)-এর সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৫১ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ