
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন এবং মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার, মোংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ।
দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয় সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের হৃদি রায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম হয় বিএন স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া রচনা প্রতিযোগিতায় সেন্ট পলস স্কুলের প্রজ্ঞা নূর এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উদ্দীপন গাইন প্রথম স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, ‘তারুণ্যের শক্তিই দুর্নীতি রুখতে পারে। তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে দুদক বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বলেন, ‘দুর্নীতি দমনের চেয়ে দুর্নীতি প্রতিরোধ করা শ্রেয়। তরুণদের দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে সম্পৃক্ত করতেই দুদক এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে।’