মায়ের মামলায় বাবা কারাগারে, মা নানা বাড়িতে; খালি ঘরে ঝুলেছিল ছেলের মরদেহ

হোম » পটুয়াখালী » মায়ের মামলায় বাবা কারাগারে, মা নানা বাড়িতে; খালি ঘরে ঝুলেছিল ছেলের মরদেহ
সোমবার ● ৮ জুন ২০২৬


 

রাঙ্গাবালীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে তুহিন হাওলাদার (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার দুপুরে ইউনিয়নের পুরাতন বাজারসংলগ্ন এলাকার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত তুহিন হাওলাদার স্থানীয় মোটরসাইকেলচালক মনির হাওলাদারের ছেলে। স্থানীয়দের দাবি, তুহিনও মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের শেষ দিকে তুহিনের মা শেফালী বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বাবা মনির হাওলাদারের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় মনির হাওলাদার প্রায় দেড় মাস কারাভোগ করেন। পরে কোরবানির ঈদের এক সপ্তাহ আগে তিনি আবারও কারাগারে যান।

 

এদিকে শেফালী বেগম তার বাবার বাড়ি দক্ষিণ চরমোন্তাজ গ্রামে অবস্থান করছিলেন। ফলে তুহিন বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া বাবা-মায়ের বিরোধসংক্রান্ত মামলায় তুহিনকে সাক্ষী করা হয়েছিল এবং মামলার শুনানিও সামনে ছিল।

 

স্থানীয়দের ভাষ্য, সোমবার সকালে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তুহিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করে চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো‍. বেল্আল হোসেন জানান, ঘটনাটির কারণ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৫৪ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ