কলাপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ পরিবহনকর্মীকে কারাদণ্ড

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ পরিবহনকর্মীকে কারাদণ্ড
সোমবার ● ৮ জুন ২০২৬


কলাপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ পরিবহনকর্মীকে কারাদণ্ডসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া পৌর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা ও ইয়াবা সেবন এবং পরিবহনের অপরাধে পাঁচজন পরিবহনকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

রোববার রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন কলাপাড়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাসেল (৩৩), মো. জাকির হোসেন (৪৫), মো. সোহাগ শেখ (২৮), মো. বেল্লাল (২৮) ও মো. রাকিব তালুকদার (২৭)।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় মো. জাকির হোসেন, মো. সোহাগ শেখ, মো. বেল্লাল ও মো. রাকিব তালুকদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ধারায় মো. রাসেলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

অভিযানে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সহযোগিতা করে। এ সময় উদ্ধার হওয়া গাঁজা প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, সড়কে বেপরোয়া গতি ও বিভিন্ন সময় ঘটে যাওয়া দুর্ঘটনার অন্যতম কারণ মাদকসেবন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:১৯ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ