
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া আবাসন এলাকাকে মাদকমুক্ত ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার বিকেলে আবাসন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইব্রাহিম হাওলাদার, ফাতেমা বেগম, সাহিদা বেগম, ময়না বেগম, মেলাপাড়া আবাসন এলাকার সভাপতি মো. নাসির হাওলাদার, আব্দুল লতিফ ও মো. ফোরকান হাওলাদার।
বক্তারা অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে আবাসন এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত। এতে এলাকার নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন।
তাদের অভিযোগ, আমির হোসেন নামে এক ব্যক্তি প্রায় ৬-৭ বছর ধরে তার বড় বোনের বাসায় বসবাস করে ঝালমুড়ি বিক্রির আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া তিনি রাতে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে মাদক সেবনের আসর বসান বলেও এলাকাবাসী অভিযোগ করেন।
এ বিষয়ে এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তাদের দাবি, একাধিকবার হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হলেও অভিযুক্ত ব্যক্তি এসব কর্মকাণ্ড থেকে বিরত হননি। বরং উল্টো এলাকাবাসীর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধন থেকে দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মেলাপাড়া আবাসন এলাকাকে মাদকমুক্ত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।