গৌরনদীতে সাড়ে ৪ একর সরকারি খাসজমি উদ্ধার

হোম » বরিশাল » গৌরনদীতে সাড়ে ৪ একর সরকারি খাসজমি উদ্ধার
রবিবার ● ৭ জুন ২০২৬


 

গৌরনদীতে সাড়ে ৪ একর সরকারি খাসজমি উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গরঙ্গল বোরাদী মৌজায় দীর্ঘদিন অবৈধ দখলে থাকা সাড়ে ৪ একর সরকারি খাসখতিয়ানভুক্ত জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

 

শনিবার (০৭ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ফিল্ড পরিদর্শন ও উচ্ছেদ অভিযানে ওই জমি দখলমুক্ত করা হয়। এ সময় উদ্ধারকৃত জমি লাল পতাকা ও লাল ফিতা দিয়ে চিহ্নিত করা হয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে বরিশাল জেলা প্রশাসকের নাম উল্লেখ করে সতর্কতামূলক ব্যানার টানানো হয়েছে।

 

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএ রেকর্ড অনুযায়ী ওই এলাকার প্রায় ৭-৮ একর নদী সিকস্তি জমি উদ্ধারের কার্যক্রমও চলমান রয়েছে।

 

উদ্ধারকৃত জমিটি আপাতত জনসাধারণের ব্যবহার ও শিশুদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানানো হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ওই এলাকায় পুকুর, সারিবদ্ধ কলাগাছ, শিমুল ও খেজুর গাছ এবং পাশ দিয়ে প্রবাহিত নদীর মনোরম পরিবেশ থাকায় ভবিষ্যতে সেখানে শিশুদের জন্য খেলার মাঠ ও একটি ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় যৌক্তিকতা ও প্রস্তাব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

 

প্রশাসন আরও জানিয়েছে, সরকারি সম্পদ রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে ভবিষ্যতে কেউ এ জমি অবৈধভাবে দখল বা কোনো সম্পদ বিনষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যার আওতায় জেল ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

 

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো খলিলুর রহমান, নলচিড়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ আব্বাস আলী এবং গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭:১৬:৪৪ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ