
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দুই বনদস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কবল থেকে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৭ মে) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন।
তিনি জানান, সুন্দরবনের কুখ্যাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবন এলাকার ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে তাদের আটক করে। এ সময় একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। একই সঙ্গে দস্যুদের কাছে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়।
আটকরা হলেন করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রাজন শরীফ (২০), তিনি মোরেলগঞ্জ উপজেলা এলাকার বাসিন্দা এবং মো. রবিউল শেখ (৩০), তিনি রামপাল উপজেলা এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, আটকরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত। এছাড়া রাজন শরীফের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে।
কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় এবারসহ অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় মোট ১১ জন বনদস্যুকে আটক করা হয়েছে।
সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।