কলাপাড়ায় ছয় দোকান পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

হোম » লিড নিউজ » কলাপাড়ায় ছয় দোকান পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি
বুধবার ● ২২ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের সোমবাড়িয়া বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুরের পর এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানিদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তরা হলেন আবুল ফকির, রুহুল আমিন কবিরাজ, মিরাজ মুন্সী, সিদ্দিক কবিরাজ, সেলিম পাহলোয়ান ও রানা মোল্লা। স্থানীয় বাসিন্দা নাইম শরীফ জানান, দুপুরের খাবারের পর হঠাৎ আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক এবং বিএনপি নেতা কামরুজ্জামান কাজল তালুকদার। তারা ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং সহায়তার আশ্বাস দেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং সরকারি সহায়তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:১৯:১২ ● ৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ