পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা, বহিষ্কার ১

হোম » শিক্ষা » পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা, বহিষ্কার ১
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬


 

পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা, বহিষ্কার ১

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

সারা দেশের ন্যায় পিরোজপুরে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের প্রথম দিনের পরীক্ষা উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে নকলের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত জেলার ৪৮টি কেন্দ্রে একযোগে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১২ হাজার ১৭৭ জন শিক্ষার্থীর মধ্যে ৩১১ জন অনুপস্থিত ছিল। কাউখালী উপজেলার এম মতিউর রহমান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নকলের অভিযোগে রিমন হাওলাদার নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ ও জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আজিজী। পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষার সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলা বজায় রাখা, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা, সিসিটিভি ক্যামেরা সচল রাখা ও পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়। কেন্দ্রের আশপাশে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল এবং প্রশ্নপত্র ফাঁস রোধে নেওয়া হয়েছে বিশেষ নজরদারি ও প্রযুক্তিগত ব্যবস্থা।

জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আজিজী জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম দিনের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘জেলার সব কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় থাকায় কেন্দ্রভিত্তিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ সম্ভব হয়েছে। ফলে চলতি বছরের পরীক্ষা বিগত এক দশকের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৬:৫২:৫১ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ