মোংলায় হামের প্রকোপ বৃদ্ধি, এক সপ্তাহে ১৭ শিশু আক্রান্ত

হোম পেজ » খুলনা » মোংলায় হামের প্রকোপ বৃদ্ধি, এক সপ্তাহে ১৭ শিশু আক্রান্ত
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬


মোংলায় হামের প্রকোপ বৃদ্ধি, এক সপ্তাহে ১৭ শিশু আক্রান্ত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় হঠাৎ করে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে অন্তত ১৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে, যাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্ত শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, জ্বর, কাশি, সর্দি ও শরীরে চাকা ওঠার মতো উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, ‘সচেতনতাই পারে হামের ঝুঁকি কমাতে। জ্বর ও চাকা উঠলেই দ্রুত হাসপাতালে আসতে হবে।’ তিনি আরও জানান, আক্রান্তদের বেশি করে তরল খাবার দিতে হবে এবং ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এছাড়া দুই বছর বয়স পূর্ণ হলে শিশুদের নিকটস্থ হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি।
হামের উপসর্গ নিয়ে আসা ১৭ জনের মধ্যে ১৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়, যার মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং বর্তমানে একজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে, বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় জেলা সিভিল সার্জন এএসএম মাহাবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেবার মানোন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা জানান।

বাংলাদেশ সময়: ১৩:১৩:৪৪ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ