শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬

৪ হাজার ১৪৬ ভোটে বরগুনা-১ আসনে জয়ী ইসলামি আন্দোলনের অলিউল্লাহ

হোম পেজ » লিড নিউজ » ৪ হাজার ১৪৬ ভোটে বরগুনা-১ আসনে জয়ী ইসলামি আন্দোলনের অলিউল্লাহ
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬


 

মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

 

জানা গেছে, আসনের ১৯০টি ভোটকেন্দ্রের ফলাফলে হাতপাখা প্রতীকে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। ফলে ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেন হাতপাখা প্রতীকের প্রার্থী।

 

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যার পর ফলাফল ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক ফল ঘোষণা করার আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল বিএনপি প্রার্থীকে বিজয়ী হিসেবে সংবাদ প্রচার করে। সে সময় ১৩৬টি কেন্দ্রের ফল জানা গিয়েছিল। এতে শহরে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন এবং দুই পক্ষের হাজারো নেতাকর্মী সেখানে জড়ো হন। রাত ১টার দিকে পোস্টাল ব্যালট গণনা শেষে জেলা প্রশাসক আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।

 

বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, আমি ও আমার বাবা মরহুম আবদুর রশিদ পাঁচবার নির্বাচন করেছি। আল্লাহর রহমতে জনগণ আমাকে বিজয়ী করেছে। আমার এই বিজয় আমি জনগণকে উৎসর্গ করছি।

তিনি জানান, বরগুনা-১ আসনের প্রায় ১২ লাখ মানুষের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করবেন এবং তার মাধ্যমে কোনো মানুষ নির্যাতনের শিকার হবে না। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ মাসে বরগুনা, আমতলী ও তালতলীর অসংখ্য নিরীহ মানুষ জেল-জুলুমের শিকার হয়েছে। এখন থেকে জনগণ অযথা হয়রানির শিকার হবে না ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ৭:১৪:৩৯ ● ৪১ বার পঠিত