
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের চারটি সংসদীয় আসনের ৫৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১৮৬টি উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ, ২২৩টি ঝুঁকিপূর্ণ এবং ১৩৮টি সাধারণ কেন্দ্র রয়েছে। জেলার সব ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার রাত ১১টায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক এ তথ্য জানান। এ সময় পুলিশ সুপার মো. হাসান চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআইজি মো. রেজাউল হক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, চারটি আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট ৫৪৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে, এর মধ্যে তিনজন থাকবেন সশস্ত্র। পাশাপাশি সশস্ত্র পুলিশ সদস্য, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাব নিরাপত্তায় নিয়োজিত থাকবে। সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন করায় কেন্দ্রটি পুরোপুরি নজরদারির আওতায় এসেছে। এতে নির্বাচন সংশ্লিষ্টরা ভোট প্রক্রিয়া সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারবেন এবং সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণে সহায়ক হবে।
বাগেরহাটের চারটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসনভিত্তিক কেন্দ্রসংখ্যা অনুযায়ী-
বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে ১৪৭টি কেন্দ্রের মধ্যে ৪০টি অতি গুরুত্বপূর্ণ, ৫৬টি গুরুত্বপূর্ণ ও ৫১টি সাধারণ।
বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে ১৩৯টি কেন্দ্রের মধ্যে ৪৪টি অতি গুরুত্বপূর্ণ, ৭১টি গুরুত্বপূর্ণ ও ২৪টি সাধারণ।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ১০৬টি কেন্দ্রের মধ্যে ২৬টি অতি গুরুত্বপূর্ণ, ৪৭টি গুরুত্বপূর্ণ ও ৩৩টি সাধারণ।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ৭৬টি অতি গুরুত্বপূর্ণ, ৪৯টি গুরুত্বপূর্ণ ও ৩০টি সাধারণ কেন্দ্র রয়েছে।