রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
বরগুনার পুলিশ সুপার নির্বাচনী দায়িত্ব ‘পবিত্র আমানত’, নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ
হোম » বরগুনা » বরগুনার পুলিশ সুপার নির্বাচনী দায়িত্ব ‘পবিত্র আমানত’, নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরগুনায় পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বরগুনা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম।
জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলায় শান্তিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালনের বিষয়ে পুলিশ সুপার ব্রিফিং প্রদান করেন। এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সহ বিভিন্ন ইউনিট থেকে আগত সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অংশ নেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। নির্বাচনী দায়িত্ব বাংলাদেশ পুলিশের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখেই দায়িত্ব পালন করতে হবে।
তিনি জানান, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতোমধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেছে। পাশাপাশি নির্বাচনপূর্ব সময়ে থানা পর্যায়ে অতিরিক্ত ব্রিফিংয়ের মাধ্যমে সদস্যদের আরও প্রস্তুত করা হবে।
নির্বাচন চলাকালে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সকলকে সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, আপনাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।
বাংলাদেশ সময়: ১৭:৩৯:০৩ ● ১৫৯ বার পঠিত
