শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬
বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: এবিএম মোশাররফ
হোম পেজ » লিড নিউজ » বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: এবিএম মোশাররফ![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে এবং ১২ তারিখের নির্বাচনে জয়লাভ করলে ১৩ তারিখ থেকেই এ কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে এবং কুয়াকাটাকে কেন্দ্র করে এ অঞ্চলের ভাগ্য পরিবর্তন করা হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় ভাষা চালুরও পরিকল্পনা রয়েছে।
শনিবার দুপুরে টিম-৯১ (এসএসসি ’৯১ ব্যাচ) আয়োজিত কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে ‘পটুয়াখালী-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এবিএম মোশাররফ হোসেন বলেন, বিগত সরকার পায়রা বন্দরকে কেন্দ্র করে ১৬ হাজার কোটি টাকা ব্যয় করলেও এর সুফল পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, বর্তমানে ইউনুস সরকার মাতারবাড়ি বন্দর নিয়ে ব্যস্ত। সমরাস্ত্র কারখানা এ অঞ্চলে স্থাপন করা যেত, কিন্তু তা করা হয়নি। চট্টগ্রামের সঙ্গে চুক্তি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটি ইকোনমিক জোন বাতিল করে অন্য একটি দেশকে দেওয়া হচ্ছে, অথচ এখানে ৮ হাজার একর জমি পড়ে আছে। বিএনপি ক্ষমতায় গেলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে একটি চূড়ান্ত ফাইট করতে হবে। ইনশাআল্লাহ সেই সৎ সাহস আমাদের আছে। দরকার আপনাদের সহযোগিতা ও সমর্থন।
বিশেষ করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের বিভিন্ন বিষয় তুলে ধরতে হবে- এখানে কী সমস্যা, কী সম্ভাবনা রয়েছে তা স্মরণ করিয়ে দিলে বাস্তবায়ন সহজ হবে।
টিম-৯১-এর সদস্য লিটু বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় পটুয়াখালী-৪ আসনের ৩৭টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয় এবং বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৫:১৭:৩৮ ● ১০২ বার পঠিত
