নির্বাচনী নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন বরগুনায় নৌবাহিনী প্রধান

হোম পেজ » জাতীয় » নির্বাচনী নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন বরগুনায় নৌবাহিনী প্রধান
বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬


 

নির্বাচনী নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন বরগুনায় নৌবাহিনী প্রধান

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে জেলা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

নৌবাহিনী প্রধান জানান, নির্বাচনের আগে ও পরে দুই থেকে তিন দিন নৌবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

 

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় ও দ্বীপাঞ্চলগুলোতে নৌবাহিনীর জাহাজ ও বোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করা হবে। নিয়মিত টহলের পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর কুইক রেসপন্স ফোর্স, হেলিকপ্টার ও বিশেষ সোয়াডস টিম প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

 

এর আগে নৌবাহিনী প্রধান হেলিকপ্টারে করে বরগুনা সার্কিট হাউস মাঠে অবতরণ করেন এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের কার্যক্রম পরিদর্শন করেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি, বরগুনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, ডিজিএফআই, এনএসআই, র‍্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভা শেষে বেলা তিনটায় নৌবাহিনী প্রধান বরগুনা ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:১৮ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ