
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে ঘুষ দাবির অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম), পিওসি, এক জুনিয়র ইঞ্জিনিয়ার ও এক লাইন টেকনিশিয়ানসহ মোট পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের বিচারক রাব্বি ইসলাম রনি মামলাটি আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৮ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী কাইয়ুম মিয়া আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন দণ্ডবিধির ১৬১, ৩২৩, ৩৭৯ ও ৫০৬(খ) ধারায় আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে উপজেলার সাধারণ মানুষের কাছ থেকে বিদ্যুৎ সংযোগের নামে অবৈধভাবে ঘুষ গ্রহণ করে আসছেন। অভিযোগে বলা হয়, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সদস্যরা অবসর সময়ে ব্যাডমিন্টন খেলার জন্য আদালত মসজিদ থেকে অনুমতি সাপেক্ষে বিদ্যুৎ সংযোগ চাইলে সংশ্লিষ্টরা প্রথমে অপারগতা প্রকাশ করেন। পরে আইনজীবী সমিতির পিয়নের মাধ্যমে ১০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়।
ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ঘটনার দিন ও সময়ে অভিযুক্তরা মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় পিয়ন প্রতিবাদ জানালে তাকে মারধরসহ সংশ্লিষ্ট দণ্ডবিধির ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়।
এ বিষয়ে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের আইনের আওতায় আনা গেলে বিদ্যুৎ সেবাগ্রহীতারা হয়রানি থেকে মুক্তি পাবে।
অভিযোগের বিষয়ে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয়প্রকাশ নন্দী বলেন, মসজিদের বিদ্যুৎ সংযোগের মূল সার্ভিস লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা হচ্ছিল। সাময়িকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পরে মসজিদে পুনঃসংযোগ দেওয়া হয়েছে।