রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
কাউখালীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। শীতের দাপটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। পাশাপাশি শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে।
রবিবার দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি। ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। এতে রাস্তাঘাট, বাজার ও দোকানে লোকজনের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
সরকারি ও বেসরকারি অফিসে কর্মচারীরা উপস্থিত থাকলেও কাজকর্মে দেখা গেছে স্থবিরতা। শীত ও কুয়াশার কারণে নৌ-যোগাযোগেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ঢাকা থেকে ভান্ডারিয়া উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি রাজদূত প্রাইম লঞ্চ ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা দেরিতে দুপুর আড়াইটার দিকে কাউখালীতে পৌঁছায়। পরে কুয়াশার তীব্রতার কারণে হুলারহাট ও ভান্ডারিয়া রুটে যাত্রা বাতিল করা হয়। এতে ওই দুই ঘাটের যাত্রীদের কাউখালী স্টেশনে নামিয়ে দেওয়া হয়। যাত্রীরা মালামাল নিয়ে তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েন।
বাংলাদেশ সময়: ২১:০২:১০ ● ১২৩ বার পঠিত
