মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬

আকভানের প্রভাবে দশমিনায় মাটিতে পড়ে গেছে পাকা আমন ধান, দুশ্চিন্তায় কৃষক

হোম » কৃষি » আকভানের প্রভাবে দশমিনায় মাটিতে পড়ে গেছে পাকা আমন ধান, দুশ্চিন্তায় কৃষক
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

আকভানের প্রভাবে দশমিনায় মাটিতে পড়ে গেছে পাকা আমন ধান, দুশ্চিন্তায় কৃষক

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টিতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বিভিন্ন এলাকার মাঠে পাকা ও আধাপাকা আমন ধান মাটিতে পড়ে গেছে। অসময়ের বৃষ্টিতে ধান ভিজে যাওয়ায় ফলন ও বাজারমূল্য নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়েও ভোগান্তির আশঙ্কা করছেন তাঁরা।

 

কৃষকদের ভাষ্য, বৃষ্টি ও হালকা বাতাসে অনেক জমির পাকা ও আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। পানিতে ভেজা ধান কাটার পর শুকানো এবং বাজারজাত করা কঠিন হবে। এতে ধানের দাম কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দশমিনা উপজেলার সাতটি ইউনিয়নে ১৮ হাজার ২৫৮ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে। তবে অসময়ের বৃষ্টির কারণে উপজেলার কোনো এলাকায় এখনো আমন ধান কাটা শুরু হয়নি।

 

দশমিনা সদর ইউনিয়নের কৃষক মো. আব্দুর রহমানসহ কয়েকজন কৃষক জানান, অসময়ের বৃষ্টিতে পাকা ধান ভিজে জমিতে পড়ে আছে। এসব ধান কীভাবে সংগ্রহ করবেন, তা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। ভেজা ধান কেটে বিক্রি করতে গেলে ন্যায্যমূল্য পাওয়া যাবে না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

তবে উপজেলা কৃষি বিভাগ বলছে, বৃষ্টিতে কৃষকদের সাময়িক ভোগান্তি হলেও আমন ধানের ফলনে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই।

 

দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, পাকা আমন ধানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। বৃষ্টির কারণে কৃষকেরা দুই থেকে চার দিন পর ধান ঘরে তুলতে পারবেন। তবে অসময়ের বৃষ্টিতে উপজেলার ৭০ থেকে ৮০ শতাংশ কৃষকের খেসারি ডালের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:০৭:৫২