সোমবার ● ২ নভেম্বর ২০২৬

তালতলীতে স্কুলের তালা ভেঙে রাতভর নৃত্য, ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ

হোম » বরগুনা » তালতলীতে স্কুলের তালা ভেঙে রাতভর নৃত্য, ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


তালতলীতে স্কুলের তালা ভেঙে রাতভর নৃত্য, ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার তালতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙে গভীর রাতে নৃত্য আয়োজনের অভিযোগ উঠেছে ফুটবল টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্যদের বিরুদ্ধে। বিদ্যালয়ের ভেতরে দুই নারীকে নিয়ে নৃত্য ও উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিদ্যালয়ের একটি কক্ষের ভেতরে দুই নারীকে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। তাঁদের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবককেও নাচতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশের পর কক্ষের তালা ভেঙে এ আয়োজন করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে রাতে বিদ্যালয়ের পাশেই পিকনিকের আয়োজন করেন আয়োজকেরা। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে তাঁরা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এ সময় একটি কক্ষের তালা ভেঙে সেখানে নৃত্যের আয়োজন করা হয় বলে অভিযোগ উঠেছে। নৃত্য পরিবেশনের জন্য পাশের আমতলী উপজেলা থেকে দুই নারীকে আনা হয়েছিল বলেও জানা গেছে।

 

ফুটবল আয়োজন কমিটির সদস্য মোয়াজ্জেম তালুকদার আলাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খেলা শেষে পিকনিকের আয়োজন করা হয়েছিল। রাতে বৃষ্টি শুরু হলে তাঁরা স্কুলের ভেতরে যান। সেখানে দু-একটি নাচ হয়েছে। পরে তাঁরা চলে আসেন। ভিডিওতে তাঁকে দেখা গেলেও স্থানীয় লোকজন তাঁকে টেনে তুলেছিল বলে দাবি করেন তিনি। নৃত্য পরিবেশনকারী দুই নারীকে আমতলী থেকে আনা হয়েছিল বলেও জানান তিনি।

 

চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার ঢালি বলেন, এ আয়োজনের জন্য কেউ তাঁর অনুমতি নেননি। পরে তিনি বিষয়টি জানতে পেরেছেন। তাঁকে না জানিয়ে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ এবং কক্ষের তালা ভাঙা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে কক্ষের তালা ভেঙে এমন আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় প্রধান শিক্ষককে তলব করা হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:১০:০৬ ● ১৮ বার পঠিত