সোমবার ● ২ নভেম্বর ২০২৬

মারুফাকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হোম » খেলা » মারুফাকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


মারুফাকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশসাগরকন্যা খেলা ডেস্ক

 

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তারকে আসন্ন নিউজিল্যান্ড সফরে পাচ্ছে না দল। পুরোনো গোড়ালির চোট আবারও ফিরে আসায় এই সিরিজ থেকে ছিটকে পড়ছেন তিনি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে মাঠে ফেরাতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল। আগামী ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দ্বিপক্ষীয় সিরিজটি। তবে বিসিবি সূত্র জানিয়েছে, এই সফরে মারুফার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

 

দেশের অন্যতম সেরা পেসারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বোর্ড। তাই চোট থেকে পুরোপুরি সেরে ওঠার জন্য তাঁকে পর্যাপ্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘তার গোড়ালির ব্যথা আবারও ফিরে এসেছে। আমরা চাই না এমনটা আবার ঘটুক। তাই সে যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সময় পায়, সেই সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে কোনো ধরনের অস্বস্তি ছাড়াই যেন সে বোলিং করতে পারে, সেটি নিশ্চিত করতে চাই। কারণ পুরোপুরি সুস্থ না হলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করতে তার সমস্যা হবে।’

বাংলাদেশ সময়: ১৪:২০:৩৭ ● ২৪ বার পঠিত