শনিবার ● ১০ অক্টোবর ২০২৬

আগৈলঝাড়ায় ১৬৯ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের রংতুলির কাজ

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ১৬৯ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের রংতুলির কাজ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬


 

আগৈলঝাড়ায় ১৬৯ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের রংতুলির কাজ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় শারদীয় দুর্গোৎসব ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার ১৬৯টি পূজামণ্ডপে প্রতিমায় রং করা, মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা ও তোরণ নির্মাণের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও আয়োজকেরা। বরিশাল জেলার উপজেলাগুলোর মধ্যে আগৈলঝাড়ায় এবার সবচেয়ে বেশি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

 

উপজেলার মধ্য শিহিপাশায় গোঁসাই দাসের বাড়ি, বারপাইকা বাজার, পশ্চিম মোল্লাপাড়া সাতপাড়, শ্যামল মণ্ডলের বাড়ি ও অশোকসেন স্কুলবাড়ি দুর্গামন্দিরসহ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, অধিকাংশ প্রতিমার কাঠামো নির্মাণ ও মাটির কাজ শেষ হয়েছে। এখন চলছে রংতুলির শেষ আঁচড় ও মণ্ডপ সাজানোর কাজ। দর্শনার্থীদের আকৃষ্ট করতে বিভিন্ন মণ্ডপে নেওয়া হচ্ছে দৃষ্টিনন্দন সাজসজ্জার উদ্যোগ।

 

প্রতিমাশিল্পী মহাদেব পাল, শিবু পাল ও সজল পাল জানান, রং ও প্রতিমা তৈরির অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় নির্মাণব্যয়ও বেড়েছে। তারপরও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বাড়তি পরিশ্রম করছেন তাঁরা।

 

উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৬৯টি পূজামণ্ডপেই প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। উৎসবের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক যতীন্দ্রনাথ মিস্ত্রী জানান, স্থানীয় প্রশাসনের পূর্ণ সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে মণ্ডপগুলোর সাজসজ্জার কাজ এগিয়ে চলছে।

 

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি আয়োজকদের সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিজস্ব নিরাপত্তাব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৫৫ ● ২৪ বার পঠিত