শনিবার ● ১০ অক্টোবর ২০২৬

হিজলায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, কোস্টগার্ডের ফাঁকা গুলি

হোম » জেলে-মৎস্য » হিজলায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, কোস্টগার্ডের ফাঁকা গুলি
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬


 

ছবিটি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, হিজলা (বরিশাল)

 

বরিশালের হিজলায় মা ইলিশ রক্ষার অভিযানের দ্বিতীয় দিনে জেলে ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কোস্টগার্ডের ওপর হামলা চালান একদল জেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে কোস্টগার্ড। সংঘর্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ ৭ থেকে ৮ জন আহত হয়েছেন।

 

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মেঘনা নদীর অন্তরবাম এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, অভিযান চলাকালে একদল জেলে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে কোস্টগার্ডের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, ক্ষমতাসীন দলের একটি মহলের উসকানিতে জেলেরা এ হামলা চালিয়েছেন। তাঁদের দাবি, অভিযানের শুরুতেই প্রশাসনকে ভীতসন্ত্রস্ত করতে পারলে মেঘনা নদীতে জেলেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হবে। এতে নির্বিঘ্নে ইলিশ শিকার করা সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা।

 

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান বলেন, ‘সংঘর্ষ থামানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হই। পরে কোস্টগার্ড ফাঁকা গুলি ছুড়ে আত্মরক্ষা করে।’

 

তিনি জানান, এ ঘটনায় দুই জেলেকে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন। সংঘর্ষে নিজেসহ ৭ থেকে ৮ জন আহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:২২ ● ২১ বার পঠিত