শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
চরফ্যাশনে করেন সরকারি চাকরি, আছেন এনসিপির দলীয় পদেও!
হোম » ভোলা » চরফ্যাশনে করেন সরকারি চাকরি, আছেন এনসিপির দলীয় পদেও!

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ার অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুর বিরুদ্ধে। তাঁকে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বলে জানা গেছে। তবে তাঁর নাম ও ফোন নম্বর ভুলবশত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করেছেন উপজেলা কমিটির আহ্বায়ক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি এনসিপির চরফ্যাশন উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সরকারি কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুর নাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিধিনিষেধ প্রতিপালন নিয়ে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আমাদের কাছে নামের তালিকা এসেছে। তবে যাচাই-বাছাইয়ে আমাদের ভুল ছিল। সরকারি চাকরিজীবীদের রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ নেই।’
অন্যদিকে এনসিপির চরফ্যাশন উপজেলা কমিটির আহ্বায়ক অহিদ ফয়সাল বলেন, ‘তিনি সরকারি চাকরি করেন। আমাদের রাজনীতিতে তাঁর মৌন সম্মতি রয়েছে। তবে তাঁর নাম ও ফোন নম্বর ভুলবশত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাকে সরকারি ম্যানুয়াল দেখতে হবে এবং তাঁর অবস্থানও যাচাই করতে হবে। অভিযোগ খতিয়ে দেখে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
বাংলাদেশ সময়: ১৮:৩৯:৫৯ ● ২৬ বার পঠিত
