বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় আসামির জামিন নামঞ্জুর, বিচারককে গালাগাল ও পুলিশের ওপর হামলা

হোম » আইন-আদালত » বরগুনায় আসামির জামিন নামঞ্জুর, বিচারককে গালাগাল ও পুলিশের ওপর হামলা
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬


 

বরগুনায় আসামির জামিন নামঞ্জুর, বিচারককে গালাগাল ও পুলিশের ওপর হামলা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় আদালত কক্ষে বিচারককে অশালীন মন্তব্য এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে বশির নামে এক আসামির বিরুদ্ধে। এ ঘটনায় তাৎক্ষণিক বিচার শেষে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ আদেশ দেন।

 

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ফরাজি বলেন, আসামি বশির অস্থায়ী জামিনে ছিলেন। বুধবার আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে ক্ষুব্ধ হয়ে তিনি এজলাসে উত্তেজিত আচরণ শুরু করেন এবং বিচারককে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন।

 

এ সময় উপস্থিত আইনজীবীরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। একপর্যায়ে বশিরকে হাতকড়া পরাতে গেলে তিনি পুলিশ কনস্টেবল সিদ্দিকের ওপর হামলা চালান। বিচারক এজলাসে উপস্থিত থাকা অবস্থায় ওই পুলিশ সদস্যকে মারধর করা হয় বলে জানান এপিপি।

 

পরে এ ঘটনায় আদালত নতুন মামলা আমলে নিয়ে তাৎক্ষণিক সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আসামি বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

 

বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন বলেন, আদালতের প্রতি সবার আস্থা ও সম্মান দেখানো উচিত। আদালতে আসামি বশির যে আচরণ করেছেন, তা কোনোভাবেই কাম্য নয়।

বাংলাদেশ সময়: ২১:১৪:২৯ ● ২৮ বার পঠিত