মহিপুরে ৪৮ পিস ইয়াবা নিয়ে হালিম মাতুব্বরসহ গ্রেপ্তার ৩

হোম » পটুয়াখালী » মহিপুরে ৪৮ পিস ইয়াবা নিয়ে হালিম মাতুব্বরসহ গ্রেপ্তার ৩
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬


 

মহিপুরে ৪৮ পিস ইয়াবা নিয়ে হালিম মাতুব্বরসহ গ্রেপ্তার ৩

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুরে বিশেষ অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বরগুনা ও পটুয়াখালী জেলার অন্যতম মাদক ডিলার হিসেবে পরিচিত হালিম মাতুব্বরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৯টার দিকে কুয়াকাটা হোটেল আপন ভূবনের ৩০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

মহিপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল হোটেলটির ওই কক্ষে অভিযান চালায়। এ সময় ৪৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনা সদর উপজেলার আদাবাড়ীয়া গ্রামের মো. হালিম মাতুব্বর (৪৯), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচপাড়া গ্রামের শফিকুল ইসলাম সরকার (৩৯) এবং বরগুনা সদর উপজেলার পোটকাখালী গ্রামের মো. সাইফুল ইসলাম হাওলাদার (২৯)।

 

পুলিশের ভাষ্য, হালিম মাতুব্বর বরগুনা ও পটুয়াখালী জেলার অন্যতম মাদক ডিলার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে।

 

মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার সোমবার সকালে বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আজ আদালতে সোপর্দ  করা হবে।

বাংলাদেশ সময়: ৭:৩১:০৭ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ