বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, জামায়াত নেতার ছেলের বিরুদ্ধে জিডি
হোম » পিরোজপুর » খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, জামায়াত নেতার ছেলের বিরুদ্ধে জিডি
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জামায়াত নেতার ছেলে দ্বীন মুহাম্মদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গুয়ারেখা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে নেছারাবাদ থানায় এ জিডি করেন। এতে গুয়ারেখা ইউনিয়নের ব্যাসকাঠি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. বাবুল হোসেনের ছেলে দ্বীন মুহাম্মদকে অভিযুক্ত করা হয়েছে।
জিডিতে অভিযোগ করা হয়, গত ২৯ জুলাই দ্বীন মুহাম্মদ তার ‘দ্বীন মুহাম্মদ’ নামের ফেসবুক আইডি থেকে খালেদা জিয়াকে নিয়ে একটি আপত্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশ করেন। এতে সাবেক প্রধানমন্ত্রীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনগত সুরক্ষার জন্য এ জিডি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দ্বীন মুহাম্মদ এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে পোস্ট করতেন। খালেদা জিয়ার ছবি সংবলিত ওই পোস্টটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পোস্টটি মুছে ফেলা হয়েছে বলে স্থানীয়রা জানান।
অভিযুক্তের বাবা ও গুয়ারেখা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. বাবুল হোসেন বলেন, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ভুলক্রমে সে ওই পোস্টটি দিয়েছিল। পরে সেটি মুছে ফেলেছে। পোস্ট দেওয়ার আগে আমি বিষয়টি জানতাম না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখার সেক্রেটারি মো. আব্দুর রশিদ বলেন, ঘটনার কথা শুনে আমাদেরও খারাপ লেগেছে। ছেলেটি না বুঝে পোস্ট করেছিল। আমরা তাকে সতর্ক করেছি এবং পোস্টটি মুছে ফেলতে বলেছি। সে তার ভুলের জন্য অনুতপ্ত।
স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনার বিষয়ে জানার পর প্রাথমিকভাবে খোঁজ নেওয়া হয়েছে। অভিযুক্ত বর্তমানে ঢাকায় অবস্থান করছে এবং পোস্টটি মুছে ফেলেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৫৫:১৪ ● ৪৮ বার পঠিত
