বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬

বাউফলে গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে জামায়াত নেতা মারধরের শিকার

হোম » পটুয়াখালী » বাউফলে গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে জামায়াত নেতা মারধরের শিকার
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬


বাউফলে গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে জামায়াত নেতা মারধরের শিকারসাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন প্যাদা মারধরের শিকার হয়েছেন। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, এক গৃহবধূর সঙ্গে ফারুক হোসেন প্যাদার অবৈধ সম্পর্ক রয়েছে এমন অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন তাকে আটক করে মারধর করেন। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

 

তবে অভিযোগ অস্বীকার করে ফারুক হোসেন প্যাদা বলেন, ৪-৫ জন তাকে মারধর করেছেন। এ সময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, পূর্ব বিরোধের জের ধরে তার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, আমাকে কোথাও হাতেনাতে ধরতে পারেনি। এরপরও গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে আমাকে মারধর করা হয়েছে।

 

অন্যদিকে ওই গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগম দাবি করেন, ফারুক দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে বিভিন্নভাবে বিরক্ত করতেন এবং টাকা-পয়সার প্রলোভন দেখাতেন। পরে কিছু ছবি দেখার পর বিষয়টি পরিবার জানতে পারে। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল। এরপরও তিনি তার পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:২৮:৪৬ ● ২২ বার পঠিত