মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেছারাবাদে কলেজ ছাত্রদল সভাপতি আরিফুল বহিষ্কার
হোম » পিরোজপুর » শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেছারাবাদে কলেজ ছাত্রদল সভাপতি আরিফুল বহিষ্কার![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলামকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনের অনুমোদিত সিদ্ধান্তের ভিত্তিতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নেছারাবাদ উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে একই অভিযোগে জেলা ছাত্রদল আরিফুল ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়।
উল্লেখ্য, গত ১৬ জুলাই নেছারাবাদে সংবাদ সম্মেলন করে একই সংগঠনের কয়েকজন নেতা অভিযোগ করেন, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লা একটি ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থী ও নেতাকর্মীদের সঙ্গে প্রতারণামূলক যোগাযোগ এবং অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দিয়েছেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই জেলা ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
বাংলাদেশ সময়: ২১:৪৬:০২ ● ৩২ বার পঠিত
