মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
মুরগি ও কাঁঠালের বিচির ঝোল: ভাতের সঙ্গে দারুণ এক মৌসুমি পদ
হোম » লাইফস্টাইল » মুরগি ও কাঁঠালের বিচির ঝোল: ভাতের সঙ্গে দারুণ এক মৌসুমি পদ
![]()
সাগরকন্যা লাইফস্টাইল ডেস্ক
কাঁঠালের কোনো অংশই প্রায় ফেলে দিতে হয় না। কাঁচা কাঁঠাল দিয়ে যেমন সুস্বাদু তরকারি রান্না করা যায়, তেমনি পাকা কাঁঠালের বিচি দিয়েও তৈরি হয় নানা মুখরোচক খাবার। ভর্তা, ভুনা, ডাল কিংবা ভাজি—সবকিছুতেই বিচির আলাদা স্বাদ রয়েছে। তবে মুরগির মাংসের সঙ্গে কাঁঠালের বিচির ঝোল বা ভুনা স্বাদে যোগ করে ভিন্ন মাত্রা। মুরগির নরম মাংস ও বিচির বাদামি স্বাদের মেলবন্ধনে তৈরি এই পদ গরম ভাত, পোলাও বা রুটির সঙ্গে দারুণ উপভোগ্য।
যা যা লাগবে-
মুরগির মাংস - ৫০০ গ্রাম
কাঁঠালের বিচি - ২০-২৫টি
পেঁয়াজ কুচি - ২টি বড়
আদা বাটা - ১ চা-চামচ
রসুন বাটা - ১ চা-চামচ
হলুদ গুঁড়া - ১ চা-চামচ
মরিচ গুঁড়া - ১ চা-চামচ
ধনে গুঁড়া - ১ চা-চামচ
জিরা গুঁড়া - আধা চা-চামচ
লবণ - স্বাদমতো
রান্নার তেল - পরিমাণমতো
গরম পানি - প্রায় ২ কাপ
যেভাবে রান্না করবেন-
প্রথমে কাঁঠালের বিচির ওপরের লালচে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিন। চাইলে সামান্য হলুদ মিশিয়ে ৫-৭ মিনিট হালকা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে পারেন। এতে বিচি দ্রুত সিদ্ধ হবে এবং আরও নরম হবে।
এরপর একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এরপর হলুদ, মরিচ, ধনে, জিরা ও লবণ সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
মসলা থেকে তেল আলাদা হতে শুরু করলে মুরগির মাংস দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে কাঁঠালের বিচি দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নিন, যাতে মসলা ভালোভাবে মাংস ও বিচির সঙ্গে মিশে যায়।
এরপর প্রায় ২ কাপ গরম পানি দিয়ে কড়াই ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না মুরগির মাংস ও কাঁঠালের বিচি পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোল মাখা-মাখা হয়ে আসে। শেষে তেল ওপরে ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে গরম গরম ভাত, পোলাও বা রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মুরগি ও কাঁঠালের বিচির ঝোল।
বাংলাদেশ সময়: ৮:১২:১৩ ● ১৩ বার পঠিত
