মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
কাস্টমসের নতুন নির্দেশনা ঘিরে দুই দিন পর বেনাপোলে আমদানি শুরু
হোম » খুলনা » কাস্টমসের নতুন নির্দেশনা ঘিরে দুই দিন পর বেনাপোলে আমদানি শুরু
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
বেনাপোল কাস্টমসের নতুন নির্দেশনা এবং কারপাস (গেটপাস) ইস্যু জটিলতার কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি কার্যক্রম আবার শুরু হয়েছে। এতে বন্দরে আটকে থাকা পণ্য খালাস শুরু হওয়ায় পণ্য ও যানজট কমতে শুরু করেছে। বন্দরসংশ্লিষ্টদের দাবি, দুই দিনের অচলাবস্থায় প্রায় ৩০ কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে কাস্টমস এবং ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, এতদিন ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ট্রাক রিসিভ ও গেটপাস ইস্যুর কাজে বন্দরের সিএন্ডএফ স্টাফরা দায়িত্ব পালন করতেন। তবে বন্দরে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় শনিবার থেকে কাস্টমস নতুন নির্দেশনা জারি করে। এতে কারপাস ইস্যুর ক্ষেত্রে স্টাফদের ছবিযুক্ত পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট সিএন্ডএফ প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য গ্রহণের দায়বদ্ধতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
নতুন নিয়মের প্রতিবাদে সিএন্ডএফ স্টাফরা শনিবার থেকে গেটপাস ইস্যু বন্ধ রাখলে আমদানি কার্যক্রমও বন্ধ হয়ে যায়। এতে কাঁচাপণ্যসহ বিভিন্ন ধরনের আমদানিকৃত পণ্য বন্দরে আটকে পড়ে এবং আমদানিকারকরা ক্ষতির সম্মুখীন হন।
ব্যবসায়ীদের দাবি, ভারতীয় ট্রাকে কোনো অবৈধ পণ্য থাকলে তার দায় তারা নিতে চান না। এ বিষয়ে রোববার বিকেলে কাস্টমস কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সোমবার সকাল থেকে পুনরায় পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমসবিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বলেন, আপাতত আগের নিয়মে তিন দিন কাজ চলবে। এরপর নতুন নিয়মে কার্যক্রম পরিচালনা করা হবে। তবে দেশের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ম বাস্তবায়নের দাবি জানান তিনি।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি মহাসিন মিলন বলেন, টানা দুই দিন আমদানি বন্ধ থাকায় কাস্টমস প্রায় ৩০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে। একই সঙ্গে ডেমারেজসহ নানা কারণে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, কারপাস বা গেটপাস নিয়ে নতুন নির্দেশনার কারণে সিএন্ডএফ স্টাফরা কাজ বন্ধ রেখেছিলেন। তবে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে তারা কাজ করছেন।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, কারপাস-সংক্রান্ত জটিলতা কাটিয়ে সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ইতোমধ্যে দুই শতাধিক পণ্যবাহী ট্রাকের আমদানি-রপ্তানি সম্পন্ন হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে দিন-রাত কাজ চলবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ৬:৫২:৫৩ ● ১৮ বার পঠিত
