রবিবার ● ২৬ জুলাই ২০২৬
গৌরনদীতে ৫৫ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
হোম » বরিশাল » গৌরনদীতে ৫৫ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাফিজুল সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা।
রবিবার (২৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আশোকাঠী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন আশোকাঠী ফিলিং স্টেশনের উত্তর পাশে বিল্বগ্রামগামী পাকা সড়কের মুখে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন হাফিজুল সরদারকে আটক করে তল্লাশি চালালে তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হাফিজুল সরদার উপজেলার মহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি মো. হাকিম সরদার ও মোছা. সালেহা বেগমের ছেলে। পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৫ দশমিক ৫ গ্রাম।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) সৌমেন বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করেছেন। মামলাটি গৌরনদী মডেল থানার এফআইআর নং-২৫, তারিখ ২৬ জুলাই ২০২৬ এবং জি.আর. নং-২৩৭ হিসেবে রুজু হয়েছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা এবং এ চক্রে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে গৌরনদী উপজেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদককারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২২:০৩:১২ ● ৮৮ বার পঠিত
