রবিবার ● ২৬ জুলাই ২০২৬

গেট কারপাস জটিলতায় বেনাপোল–পেট্রাপোল দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ

হোম » লিড নিউজ » গেট কারপাস জটিলতায় বেনাপোল–পেট্রাপোল দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ
রবিবার ● ২৬ জুলাই ২০২৬


 

গেট কারপাস জটিলতায় বেনাপোল–পেট্রাপোল দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, যশোর

 

গেট কারপাস জটিলতায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা গেট কারপাস ইস্যু না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, এতদিন কোনো অবৈধ মালামালের দায়ভার না নিয়ে ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাকের কারপাস (গেটপাস) দিয়ে গ্রহণ করে আসছিলেন তারা। তবে শনিবার কাস্টমস কর্তৃপক্ষ হঠাৎ নির্দেশনা জারি করে, সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারীদের দায়িত্ব নিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক গ্রহণ করতে হবে। ট্রাকে কোনো অবৈধ মালামাল থাকলে এর দায়ভার সিঅ্যান্ডএফ প্রতিনিধিকে নিতে হবে এবং এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না।

 

তিনি বলেন, এ ধরনের দায়ভার নেওয়ার শর্তে সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে কোনো গেটপাস ইস্যু করা হচ্ছে না। ফলে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে।

 

বেনাপোল আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, ভারতীয় ব্যবসায়ীরাই বাংলাদেশে পণ্য রপ্তানি করেন এবং পণ্যের ভেতরে কী আছে, তা তারাই ভালো জানেন। ভারতীয় ট্রাকচালকরা পথে কোনো অবৈধ মালামাল তুললে তার দায়ভার কোনো সিঅ্যান্ডএফ এজেন্ট বা কর্মচারী নিতে পারেন না। কাস্টমসের এ সিদ্ধান্তের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে।

 

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, কারপাস জটিলতার কারণে শনিবার থেকে বেনাপোল–পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে রপ্তানি কার্যক্রম এবং চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

 

আমদানি বাণিজ্য বন্ধ থাকায় ভারতের পেট্রাপোল বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এসব ট্রাকের অধিকাংশেই বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের কাঁচামাল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:০৬ ● ২৫ বার পঠিত