রবিবার ● ২৬ জুলাই ২০২৬
পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং
হোম » পিরোজপুর » পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল ৯টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আয়োজনে জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। জেলা প্রশাসক আবু সাঈদের নেতৃত্বে পদযাত্রাটি শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
কর্মসূচিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সদস্য অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিন, যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. লুৎফর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সভাপতি ও সাংবাদিক খালিদ আবু, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, পজিটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জুবায়ের আল মামুন এবং জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি হাসান মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পদযাত্রা চলাকালে জেলা প্রশাসক শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী ও আসবাবপত্র দ্রুত অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট বা অন্যান্য তামাকজাত পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেন।
বক্তারা বলেন, মাদকাসক্তি তরুণ সমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মারাত্মক সামাজিক ব্যাধি। সমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৫:৫৬:২৬ ● ১৯ বার পঠিত
