
সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)
ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ তুলে প্রধান শিক্ষকের ওপর হামলা এবং পরে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৯৯ নম্বর হাসাননগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের মুক্তির দাবিতে বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। পরে বিক্ষোভকারীরা ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় সংসদ সদস্য সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি দেখার এবং শিক্ষকের মুক্তির ব্যবস্থা করার আশ্বাস দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের (৫৬) ওপর বুধবার হামলা করা হয়। পরে আহত অবস্থায় সহকর্মীরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে বোরহানউদ্দিন থানা পুলিশ। একই ঘটনায় ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য মো. বাচ্চুকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুনসহ অন্যরা বলেন, বিদ্যালয়ে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। তাদের দাবি, বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থীকে একটি রুটি ও একটি দুধের প্যাকেট দেওয়া হয়। গত সোমবার ওই শিক্ষার্থী লুকিয়ে দুটি দুধের প্যাকেট নেওয়ায় প্রধান শিক্ষক তাকে ডেকে বকাঝকা করেন এবং চড় মারেন। এ ঘটনার জেরেই বুধবার প্রধান শিক্ষকের ওপর হামলা করা হয়েছে।
শিক্ষক নেতারা বলেন, শ্রেণি কার্যক্রম চলাকালে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অথচ হামলার ঘটনায় দৃশ্যমান কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো প্রধান শিক্ষককেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে প্রধান শিক্ষক দোষী হলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে বিদ্যালয়ে হামলার ঘটনাটিও গুরুত্ব দিয়ে তদন্তের দাবি করেন শিক্ষক নেতারা।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল আমিন বলেন, ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকলে সেটিও তদন্ত করে দেখা হবে।