সোমবার ● ১৮ মে ২০২৬
কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর মরদেহ বাড়ির আঙিনায়, স্বামী পলাতক
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর মরদেহ বাড়ির আঙিনায়, স্বামী পলাতক

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় এক সৌদি প্রবাসী নারীর মরদেহ নিজ বাড়ির আঙিনায় পড়ে থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার একটি বাড়ির আঙিনা থেকে মরিয়ম বেগম (৩৮) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং মাত্র আট দিন আগে দেশে ফেরেন।
পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, দেশে ফেরার পর থেকেই স্বামী নাসির সিকদারের সঙ্গে তার পারিবারিক বিরোধ চলছিল। রবিবার সন্ধ্যায় স্বামীর টাকা চাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাতে একই ঘরে থাকলেও ভোরে পরিবারের সদস্যদের জানানো হয় যে তিনি আত্মহত্যা করেছেন।
সকালে স্থানীয়রা বাড়ির আঙিনায় মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রবাসী মৃত ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে স্বামী নাসির সিকদার পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১১:৪৬:০৮ ● ২৭ বার পঠিত
