চরফ্যাশন হাসপাতালে তিন মাসের কন্যাশিশুকে রেখে গেলেন মা
হোম »
ভোলা »
চরফ্যাশন হাসপাতালে তিন মাসের কন্যাশিশুকে রেখে গেলেন মা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মাস বয়সী এক কন্যাশিশুকে রেখে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার হাসপাতালের মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে রাত ৮টার মধ্যে অজ্ঞাতনামা এক নারী চিকিৎসা নেওয়া এক রোগীর বিছানার পাশে টয়লেটে যাওয়ার কথা বলে তিন মাস বয়সী শিশুটিকে রেখে যান। দীর্ঘ সময় পরও ওই নারী ফিরে না আসায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়।
পরে রোগীর দুই স্বজন ফারজানা (১৫) ও লিজা (২২) শিশুটিকে কান্নাকাটি করতে দেখেন এবং বিষয়টি কর্তব্যরত চিকিৎসককে জানান। তাৎক্ষণিকভাবে চিকিৎসক আশরাফুল ইসলাম দিপু শিশুটির চিকিৎসা শুরু করেন।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি চরফ্যাশন থানাকে জানালে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ শিশুটির দেখভালের দায়িত্ব উপজেলা সমাজসেবা অধিদপ্তরকে প্রদান করেন। একই সঙ্গে শিশুটির মায়ের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাকসুদুর রহমান জানান, শিশুটি বর্তমানে খিচুনিজনিত সমস্যায় ভুগছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা অব্যাহত আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক এবং চরফ্যাশন থানার ওসি নিয়মিতভাবে শিশুটির খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় মানবিক উদ্বেগ ও আবেগের সৃষ্টি হয়েছে। শিশুটির সুস্থতা ও নিরাপদ ভবিষ্যতের জন্য দোয়া এবং তার পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৩:২৭:২৮ ●
৬০ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)