ঝালকাঠিতে ভাড়া বাসায় গৃহবধূর হাত বাঁধা মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

হোম » ঝালকাঠী » ঝালকাঠিতে ভাড়া বাসায় গৃহবধূর হাত বাঁধা মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি
শনিবার ● ১৮ জুলাই ২০২৬


 

ঝালকাঠিতে ভাড়া বাসায় গৃহবধূর হাত বাঁধা মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠী এলাকার টিএন্ডটি সড়কে একটি ভাড়া বাসা থেকে মলিনা রায় (৫০) নামে এক গৃহবধূর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ভবনের আরও দুটি ফ্ল্যাটে চুরির ঘটনাও ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম চাঁদকাঠী এলাকার টিএন্ডটি সড়কের একটি তিনতলা ভবনের নিচতলার ভাড়া বাসায় মলিনা রায় তার মেয়েকে নিয়ে বসবাস করতেন। তার ছেলে ঢাকায় থাকেন। শুক্রবার ভবনের অধিকাংশ বাসিন্দা রথযাত্রায় অংশ নিতে বাইরে গেলে তিনি একাই বাসায় ছিলেন।

 

রাত ৮টার দিকে বাসিন্দারা ফিরে এসে ভবনের মালিকের দ্বিতীয় তলার ফ্ল্যাট এবং তৃতীয় তলার ভাড়াটিয়া রিতোষ রায়ের ফ্ল্যাটের তালা ভাঙা দেখতে পান। সেখান থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে বলে জানা যায়।

 

একই সময়ে মলিনা রায়ের মেয়ে পূজা রায় ঘরে ঢুকে মায়ের হাত বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঝালকাঠি সদর হাসপাতাল সূত্র জানায়, নিহতের কানের নিচে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত ক্ষত ছিল।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম।

 

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ড ও চুরির ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তদের কেউ মলিনা রায়কে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ৬:০৮:৪০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ