বাবুগঞ্জে জাল দলিলে নামজারির চেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ৩ কারাগারে

হোম » বরিশাল » বাবুগঞ্জে জাল দলিলে নামজারির চেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ৩ কারাগারে
শুক্রবার ● ১৭ জুলাই ২০২৬


 বাবুগঞ্জে জাল দলিলে নামজারির চেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ৩ কারাগারে

 

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

 

জাল দলিল ব্যবহার করে নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতিসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

মামলার আসামিরা হলেন উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদীবাঁশকাঠী গ্রামের বাসিন্দা মো. নাঈম (৩৫), নূর ইসলাম মোল্লা (৫৭), আব্দুর রহিম (৫৫) ও তোফাজ্জেল হোসেন টিয়া (৬০)। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন নাঈম, নূর ইসলাম মোল্লা ও আব্দুর রহিম। আব্দুর রহিম মাধবপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে অভিযুক্তরা বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার কার্যালয়ে একটি দলিলের ভিত্তিতে নামজারির আবেদন করেন। দলিলটি পর্যালোচনার সময় সহকারী কমিশনারের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে কাগজপত্র যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে দলিলটি প্রাথমিকভাবে জাল বলে প্রতীয়মান হলে বিষয়টি বাবুগঞ্জ থানাকে অবহিত করা হয়।

 

পরে মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।

 

স্থানীয় কয়েকজনের দাবি, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি অফিসকেন্দ্রিক বিভিন্ন ধরনের দালালি ও তদবিরের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া নামজারি করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

 

বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, নামজারি, ভুয়া দলিল বা ভূমি-সংক্রান্ত বিষয়ে কেউ দালালি কিংবা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, জাল দলিল ব্যবহার করে প্রতারণার মাধ্যমে নামজারির চেষ্টার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০:০৭:১২ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ