শনিবার ● ২ মে ২০২৬

তালতলীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

হোম » বরগুনা » তালতলীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
শনিবার ● ২ মে ২০২৬


বরগুনার তালতলীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি) প্রকল্পের আওতায় বরগুনার তালতলীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় বড়বগী-বড় ভাইজোড়া খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।

জানা গেছে, প্রকল্পের আওতায় বড়বগী-বড় ভাইজোড়া খালের ৫ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে বড়বগী ও ছোটবগী ইউনিয়নের কয়েক হাজার প্রান্তিক কৃষক শুষ্ক মৌসুমে সেচ সুবিধা পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদে ব্যয় কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন তালতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল হক, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, তালতলী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. আফজাল হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-মাসুমসহ অন্যরা।

বক্তারা বলেন, খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রকল্প স্থানীয় কৃষি, কর্মসংস্থান ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমটি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪৫:০৬ ● ২৭ বার পঠিত