
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী থানায় দায়ের হওয়া আলোচিত অপহরণ মামলার ভিকটিম দিপান্বীতা সরকারকে বুধবার (২৮ এপ্রিল) সকালে উদ্ধার করেছে পুলিশ। মাদারীপুর ও ঢাকার কামরাঙ্গীরচরে টানা কয়েক ঘণ্টার অভিযান শেষে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মামলার তদন্তে প্রথমে মাদারীপুর এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে আরও এক আসামিকে আটক করা হয়। পরে তাদের জবানবন্দির সূত্র ধরে কামরাঙ্গীরচরে রিতাজ নামের এক যুবকের নানার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।
গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দিপান্বীতা সরকারকে উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি; তার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে বক্তব্য চাওয়া হলওে কোন সাড়া মেলেনি।
ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, দিপান্বীতা সরকার, যিনি বর্তমানে তাবাসসুম আক্তার নুর নামে পরিচিত, সম্প্রতি ধর্ম পরিবর্তন করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানা যায়। পরে তিনি ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে রিতাজের সঙ্গে নোটারির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলেও দাবি দিপান্বীতা সরকারের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দিপান্বীতা দাবি করেন, তিনি স্বেচ্ছায় রিতাজের সঙ্গে গেছেন এবং তাকে অপহরণ করা হয়নি। ভিডিওতে তিনি অভিযোগ করেন, পরিবারের মানসিক ও শারীরিক নির্যাতন থেকে বাঁচতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, তার পরিবার বিষয়টি মেনে নেয়নি এবং তাকে উদ্ধারের দাবিতে অপহরণ মামলা দায়ের করেন।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি। তবে থানার একটি দায়িত্বশীল সূত্র বলেছে, উদ্ধার হওয়া দিপান্বীতা সরকারকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।