রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬

মেহেন্দিগঞ্জে খাজনা না দেওয়ায় গাছবোঝাই দুই নসিমন আটক

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে খাজনা না দেওয়ায় গাছবোঝাই দুই নসিমন আটক
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬


 

মেহেন্দিগঞ্জে খাজনা না দেওয়ায় গাছবোঝাই দুই নসিমন আটক

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার পাতারহাট বন্দরে খাজনার টাকা পরিশোধ না করার অভিযোগে গাছবোঝাই দুইটি নসিমন আটক করেছে পুলিশ। শনিবার সকালে অভিযান চালিয়ে যান দুটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পাতারহাট বন্দরের কাঠ মহলের ইজারাদার মোহাম্মাদ হোসেন গাজী জানান, বন্দরের ৬৪টি কাঠের দোকান থাকলেও দীর্ঘ প্রায় এক বছর ধরে দোকানপ্রতি নির্ধারিত ১০০ টাকা হারে খাজনা পরিশোধ করা হচ্ছে না। পাওনা আদায়ের দাবিতে তিনি মেহেন্দিগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমানের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকালে অভিযান চালিয়ে গাছবোঝাই দুইটি নসিমন আটক করা হয়। ইজারাদার মোহাম্মাদ হোসেন গাজী আরও বলেন, নিয়ম অনুযায়ী ইজারা নেওয়া হলেও ব্যবসায়ীরা গত ৩০ চৈত্র পর্যন্ত কোনো টাকা পরিশোধ করেননি।

তবে অভিযোগ অস্বীকার করে কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন সিকদার বলেন, ইজারাদার তাদের কাছে খাজনার টাকা আদায়ের জন্য কোনোভাবে যোগাযোগ করেননি।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, আটক করা যানবাহন ও গাছ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:০৭ ● ২৮ বার পঠিত